বঙ্গভবনে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরুর সই এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ২১ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলকারী যানবাহনকে নির্ধারিত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলোকে অন্য সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
অন্যদিকে হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।
বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এজন্য নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নির্দেশনাগুলো মেনে চলার পাশাপাশি সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ করা হয়েছে।